বরগুনায় সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের কার্যকরি সদস্য ও শ্রমিক নেতা মো. হায়দার আলীকে কুপিয়ে হত্যার প্রতিবাদে সকাল থেকে জেলায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে। ফলে জেলার বিভিন্ন রুটে গাড়ি চলাচল বন্ধ রয়েছে। একইসঙ্গে ছেড়ে যায়নি দূরপাল্লার বাসও।
এছাড়াও জেলা শহরে সব ধরনের ইঞ্জিনচালিত গাড়ি চলাচল বন্ধ রয়েছে। অবরোধের কারণে পটুয়াখালী ও কুয়াকাটা সড়কের আমতলী থেকে কোনও গাড়ি চলাচল করছে না। তাই বন্ধ রয়েছে কুয়াকাটা থেকে দেশের বিভিন্ন স্থানে সড়ক যোগাযোগ।
এদিকে, সোমবার দুপুরে এ ঘটনায় আ. রহমান নামে একজনকে আটক করেছে পুলিশ।
বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি ) রিয়াজ হোসেন পিপিএম বলেন, ‘আমরা এ ঘটনায় আ. রহমান (৪৭) নামে একজনকে আটক করেছি। আ. রহমানের বাড়ি পরীরখাল এলাকায়। অভিযান অব্যাহত রয়েছে। আশাকরি দ্রুত সময়ের মধ্যে বাকি অপরাধীদেরও ধরতে পারবো।’
উল্লেখ্য, রবিবার রাত ৯টার দিকে সদর উপজেলার আমলকীতলা গ্রামে মো. হায়দার আলীকে বাড়ির সামনে এলোপাতারি কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। মুমূর্ষু অবস্থায় তাকে বরগুনা সদর হাসপাতালে এবং পরে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনার প্রতিবাদে জেলায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট ডাকে সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন ও বাস মালিক সমিতি।
আরও পড়ুন:
বরগুনায় শ্রমিক নেতাকে কুপিয়ে হত্যা








