দলীয় শৃঙ্খলাভঙ্গের দায়ে ঝালকাঠির রাজাপুরের শুক্তাগড় ইউনিয়নের ৪ জন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতিকে বহিষ্কার করেছে ইউনিয়ন আওয়ামী লীগ। সোমবার সকালে শুক্তাগড় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শুক্তাগড় ইউপি চেয়ারম্যান মো. মজিবুল হক মৃধা ও শুক্তাগড় ইউনিয়ন আওয়ামী লীগের সেক্রেটারি বাবুল তালুকদার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, শুক্তাগড় ইউনিয়ন আওয়ামী লীগের এক জরুরি সিদ্ধান্ত অনুযায়ী দলীয় শৃঙ্খলাভঙ্গের দায়ে উপজেলার ২নং শুক্তাগড় ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি সোবাহান তালুকদার, ৭নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি জসিম উদ্দিন কাজল মোল্লা, ৮নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি অরুন পাল ও ৯নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি সুভাষ চন্দ্র শীলকে বহিষ্কার করা হয়।
১নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি সোবাহান তালুকদার জানান, দল থেকে যেভাবে সহযোগিতা বা সাপোর্ট পাওয়ার কথা তা তিনি পাচ্ছেন না। এছাড়া ব্যক্তিগত কাজ নিয়ে ব্যস্ত যে কারণে দলীয় কার্যক্রমে সময় দিতে পারেন না। তিনি আগে থেকেই দল থেকে পদত্যাগ করার প্রস্তুতিও নিচ্ছিলেন।
শুক্তাগড় ইউনিয়ন আওয়ামী লীগের সেক্রেটারি বাবুল তালুকদার জানান, বহিষ্কৃতরা নানাভাবে দলের শৃঙ্খলাভঙ্গ করছে এবং এরা দলীয় কোনও কার্যক্রম বা কোনও মিটিংয়েও আসে না। এ জন্য ইউনিয়ন আওয়ামী লীগের সিদ্ধান্ত অনুযায়ী তাদের বহিষ্কার করা হয়েছে।
/এআর/








