বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) প্যানেল মেয়র ও ১২নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ কেএম শহীদুল্লাহকে র্যাবের দায়ের করা অস্ত্র মামলা থেকে খালাস দিয়েছেন আদালত। বৃহস্পতিবার বরিশালের বিশেষ ট্রাইব্যুনাল-১ এর বিচারক মো. আনয়ারুল হক এ আদেশ দেন। আদালতের বেঞ্চ সহকারী ফারুক হোসেন জানান, আদালত ১২ জনের সাক্ষ্যগ্রহণ শেষে এ রায় দেন।
বরিশাল সিটি করপোরেশনের ১ নম্বর প্যানেল মেয়র ও মহানগর বিএনপির সহ-সভাপতি কেএম শহীদুল্লাহকে নগরীর ১২নং ওয়ার্ড থেকে চারবার কাউন্সিলর হিসেবে নির্বাচিত হন। এছাড়াও সিটি করপোরেশনের একবার প্যানেল মেয়র-১ ও দুই বার প্যানেল মেয়র-২ হিসেবেও তিনি নির্বাচিত হন।
মামলা সূত্রে জানা গেছে, ২০১৬ সালের ৫ জানুয়ারি রাত ৯টার দিকে বরিশাল নগরের আলেকান্দা এলাকার নিজ বাসভবন থেকে শহীদুল্লাহকে আটক করে র্যাব। এ সময় তার হেফাজতে থাকা একটি পিস্তল ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করে র্যাব।
ওই দিন রাতেই র্যাবের ডিএডি আশরাফুর রহমান বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি অস্ত্র মামলা দায়ের করেন।
২৬ জানুয়ারি কোতোয়ালি থানার তৎকালীন অফিসার ইনচার্জ (ওসি) মো. শাখয়াত হোসেন আদালতে চার্জশিট দাখিল করেন।
/এআর/








