পটুয়াখালী শহরে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধ করার ব্যাপারে প্রশাসনের সিদ্ধান্তের প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট চলছে। বুধবার (১৯ এপ্রিল) জেলা রিকশাচালক শ্রমিক ইউনিয়ন এ ধর্মঘটের ডাক দেয়। আজ বৃহস্পতিবার (২০ এপ্রিল) সকালে ধর্মঘটের সঙ্গে একাত্মতা প্রকাশ করলে ইজিবাইক চলাচলও বন্ধ রয়েছে।
এদিকে হঠাৎ এই ধর্মঘটের ডাক দেওয়ায় ঢাকা থেকে পটুয়াখালী লঞ্চ ও বাস টার্মিনালে আসা দূর-দূরান্তের যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন। ব্যাটারিচালিত রিকশা ও ইজিবাইক না থাকায় পৌর শহর ও এর আশপাশের এলাকার সাধারণ যাত্রী, স্কুলগামী শিক্ষার্থীসহ অফিস আদালতের কর্মজীবীরা তাদের প্রতিষ্ঠানে পৌঁছাতে বিপাকে পড়েছেন।
রিকশাচালক শ্রমিকরা জানান, চালকদের সময় না দিয়ে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। তাই তারা এ কর্মবিরতি পালন করছেন। এতে ধার-দেনা করে যারা ব্যাটারিচালিত রিকশা কিনেছেন তারা রিকশা চালাতে না পেরে চরম বিপাকে পড়েছেন।
এদিকে প্যাডেলে চলা কিছু রিকশা চলাচল করলেও অধিকাংশ মানুষ গন্তব্যে পায়ে হেঁটে যাচ্ছেন।
গত ১০ এপ্রিল জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রশাসনের পক্ষ থেকে শহরে দুর্ঘটনা রোধে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়।শহরে এ বিষয়ে মাইকিংও করা হয়েছে।
/এআর/








