পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার ধানীসাফা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান তালুকদারের (৫০) লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাতে তুষখালী ইউনিয়নের তুষখালী মাধ্যমিক বিদ্যালয়ের টয়লেটের পাশ থেকে তার মৃত দেহ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন মঠবাড়িয়া থানার ওসি কেএম তরিকুল।
রবিবার দুপুর থেকে হাবিবুর রহমান তালুকদারের নিখোঁজ ছিলেন বলে জানান মঠবাড়িয়া পৌর বিএনপির সভাপতি কে এম হুমায়ুন কবির।
নিহত হাবিবুর রহমানের স্ত্রী মালেকা বেগম বলেন, ‘রবিবার দুপুরে আমার স্বামীকে ধানীসাফা ৪ নংওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইদ্রিস তালুকদারের নেতৃত্বে বেশ কয়েকজন লোক তুষখালী মাধ্যমিক বিদ্যালয়ের মসজিদের সামনে থেকে ধরে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। সোমবার বিকালে মঠবাড়ীয়া থানায় একটি সাধারণ ডায়েরি করি। পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুজি পর সোমবার রাতে তুষখালী মাধ্যমিক বিদ্যালয়ের টয়লেটের পাশ থেকে তার লাশ উদ্ধার করে।
তিনি আরও বলেন, ‘গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থীর পক্ষে তিনি কাজ না করায় তাদের নেতাকর্মীদের সঙ্গে বিরোধ চলছিল।’
নিহত হাবিবুর রহমান তালুকদারের ছেলে হাফিজুর রহমানের অভিযোগ ফুটবল খেলা নিয়ে আওয়ামী লীগ নেতা ইদ্রিস তালুকদারের ভাইয়ের ছেলে সাইফুলের সঙ্গে তাদের বিরোধ ছিল।
মঠবাড়িয়া থানার ওসি কেএম তরিকুল জানিয়েছেন তার লাশের ময়না তদন্তের জন্য পিরোজপুর মর্গে পাঠান হয়েছে। তিনি জানান, হাবিবুর রহমানের গলায় ফাঁস লাগিয়ে হত্যার চিহ্ন রয়েছে। এ ছাড়া তার মুখ থেতলানো ছিল। ধারণা করা হচ্ছে কোনও দেয়াল বা মেঝের সঙ্গে আঘাত করে নির্মমভাবে হত্যা করেছে ঘাতকরা।








