বরগুনার আমতলীতে জমি নিয়ে বিরোধের জেরে দুই ভাইকে কুপিয়ে হত্যা মামলায় পাঁচ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়াও প্রত্যেককে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছর কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন। মঙ্গলবার (৩ অক্টোবর) বিকালে বরগুনা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. হাছানুজ্জামান এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন বরগুনার আমতলী উপজেলার পশ্চিম চিলা গ্রামের আনোয়ার সরদারের চার ছেলে স্বপন সরদার, নয়া সরদার, কবির সরদার, কামাল সরদার এবং স্বপন সরদারের ভগ্নিপতির ছেলে জাহিদ হোসেন। তিনি পটুয়াখালী জেলার গলাচিপা থানার নলুয়া গ্রামের কাজেম আলীর ছেলে। রায় ঘোষণার সময় সব আসামি আদালতে উপস্থিত ছিলেন।
মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০০৮ সালের ২০ নভেম্বর সকালে পশ্চিম চিলা গ্রামে জমিজমা নিয়ে বিরোধের জের ধরে সোহেল ও রুবেল নামে দুই ভাইকে কুপিয়ে হত্যা করেন আসামিরা। এ ঘটনায় তাদের মা সাহিদা বেগম বাদী হয়ে আমতলী থানায় একটি হত্যা মামলা করেন। পরে তদন্ত শেষে ২০০৯ সালের ৩১ জানুয়ারি উপ-পরিদর্শক (এসআই) আজিজুর রহমান ছয় আসামির বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেন। এর মধ্যে মামলা চলাকালীন সময়ে এক আসামি দণ্ডপ্রাপ্ত স্বপন সরদারের বাবা আনোয়ার হোসেনের মৃত্যু হয়।
বাদীপক্ষে মামলা পরিচালনা করেন পিপি ভুবন চন্দ্র হাওলাদার ও আসামিপক্ষে ছিলেন আইনজীবী কমল কান্তি দাস।
আসামিপক্ষের আইনজীবী কমল কান্তি দাস বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এ রায়ে আমরা সন্তুষ্ট নই। আমার মক্কেলদের সঙ্গে কথা বলে পরবর্তী সিদ্ধান্ত নেবো।
আরও পড়ুন:








