বরিশালের কীর্তনখোলা নদীর চরকাউয়া এলাকায় অভিযান চালিয়ে ১০ মণ জাটকা জব্দ করেছে কোস্টগার্ড। বৃহস্পতিবার (২ নভেম্বর) তিনটি ট্রলার থেকে এসব জাটকা উদ্ধার করা হয়।
বরিশাল কোস্টগার্ডের পেটি অফিসার ইরফান প্রিয় এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে কীর্তনখোলা নদীতে অভিযান চালিয়ে ৩টি ট্রলার থেকে এসব জাটকা জব্দ করা হয়।
উদ্ধারকৃত জাটকা বরিশাল সদর উপজেলা কর্মকর্তা মো. হুমায়ুন কবির ও জেলা মৎস্য অফিসের কর্মকর্তা (ইলিশ) বিমল চন্দ্র দাসের উপস্থিতিতে বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়।
বরিশাল মৎস্য অধিদফতরের কর্মকর্তা (ইলিশ) বিমল চন্দ্র দাস জানান, ১ নভেম্বর থেকে আগামী ৩০ জুন পর্যন্ত ৮ মাস জাটকা (৯ ইঞ্চির ছোট সাইজের) ইলিশ আহরণ, ক্রয়-বিক্রয় ও পরিবহন নিষিদ্ধ। তিনি আরও জানান,জাটকা রক্ষা করে পূর্ণাঙ্গ ইলিশে পরিণত হওয়ার সুযোগ দিতে এ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।








