খালেদা জিয়া যে দিবাস্বপ্ন দেখেন তা বাংলার মানুষ দেখে না। যারা এতিমদের টাকা আত্মসাৎ করে বাংলার মানুষ তাদের আর ভোট দেবে না বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের প্যানেল স্পিকার এবং বরিশাল-৩ আসনের সংসদ সদস্য তালুকদার মো. ইউনুস। শুক্রবার (১০ নভেম্বর) বরিশাল শহীদ সোহেল চত্বরে দলীয় কার্যালয়ে ‘গণতন্ত্র মুক্ত দিবস’ উপলক্ষে জেলা ও মহানগর আওয়ামী লীগের এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
প্রধান অতিথির বক্তৃতায় তালুকদার মো. ইউনুস বলেন, ‘মোস্তাক আর খুনি জিয়ারা চক্রান্ত করে বঙ্গবন্ধুকে হত্যা করেছে। তারা আওয়ামী লীগকে বাকরুদ্ধ করে রাখতে চেয়েছিল। কিন্তু ওরা জানে না আওয়ামী লীগ এদেশের তৃণমূল জনগণের দল। আওয়ামী লীগ ছাড়া গণতন্ত্র ও উন্নয়নের কথা এদেশে আর কেউ ভাবে না।’
এসময় তিনি সিটি করপোরেশন নির্বাচনে বরিশালের মেয়র প্রার্থী মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর জন্য সব নেতাকর্মীদের প্রতি ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।
বরিশাল মহানগর আওয়ামী লীগের সভাপতি গোলাম আব্বাস চৌধুরী দুলালের সভাপতিত্বে জেলা উপ-প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মিলন ভূঁইয়ার সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের মহানগর সাধারণ সম্পাদক এ কে এম জাহাঙ্গীর, যুগ্ম-সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ প্রমুখ।








