ডিশের পাওনা টাকা আদায়ের ঘটনাকে কেন্দ্র করে যুবলীগ কর্মীরা ছাত্রলীগের দুই কর্মীকে পিটিয়ে আহত করেছেন। এছাড়া তারা একটি দোকান ভাঙচুর করেছে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সোমবার (২৭ নভেম্বর) বরিশালের গৌরনদী উপজেলার বার্থী বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
আহত ছাত্রলীগের দুই কর্মীকে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
গৌরনদী থানার ডিউটি অফিসার এএসআই আসাদুল হক বলেন, তারা এ ব্যাপারে পৃথক দুটি লিখিত অভিযোগ পেয়েছেন। এ নিয়ে ওসি স্যার এসে নির্দেশ দিলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
প্রত্যক্ষদর্শী ও আহতরা জানান, উপজেলার তাঁরাকুপি গ্রামের ডিশ ব্যবসায়ী যুবলীগের কর্মী সোহেল বেপারীর কর্মচারী সাইদুল একই গ্রামের ছাত্রলীগের কর্মী ঢাকা বাংলা কলেজের ছাত্র নাসির চাপরাশীর কাছে বকেয়া ডিশ বিল চায়। রবিবার এ নিয়ে বাকবিতণ্ডার এক পর্যায়ে নাসির ডিশের কর্মচারী সাইদুলকে মারধর করেন। এর জেরে সোহেল বেপারীর নেতৃত্বে যুবলীগের ৬/৭ কর্মী লোহার রড ও লাঠিসোটা নিয়ে সোমবার দুপুরে শাহ্ আলম খানের মুদি ও চায়ের দোকানে হামলা চালায়।
হামলাকারীরা ওই দোকানের ভেতর ঢুকে ছাত্রলীগ কর্মী ঢাকা নিউ মডেল বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্র রঞ্জু বেপারী, ঢাকা বাংলা কলেজের ছাত্র নাসির চাপরাশীকে পিটিয়ে আহত করেন।
এ সময় হামলাকারীরা দোকানের মালামাল ভাঙচুর ও লুটপাট করেছে বলে দোকান মালিক জানান।
এ ব্যাপারে ছাত্রলীগ কর্মী কলেজ ছাত্র রঞ্জু বেপারী ও দোকান মালিক শাহ্ আলম খান বাদী হয়ে সোমবার বিকালে থানায় পৃথক দুটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।








