বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ‘মিডিয়া, আন্তর্জাতিক সংস্থা, সারা বাংলাদেশের মানুষ বলছে রংপুর সিটি করপোরেশনে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হয়েছে। একমাত্র বিএনপিই বলেছে নির্বাচনে কারচুপি হয়েছে। আর কেউ বলেনি। কিন্তু মানুষ বুঝে গেছে বিএনপির কোনও কথার মূল্য নেই। তারা যে কোনও সত্যকে মিথ্যা বানানোর চেষ্টা করে। বিএনপির একটা রোগ সব কিছুকেই ভিন্ন চোখে দেখা।’
শুক্রবার (২২ ডিসেম্বর) সকাল ১১টায় ভোলা শহরের গাজিপুর রোডে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় সভায় বাণিজ্যমন্ত্রী এসব কথা বলে।
তিনি বলেন, ‘সহায়ক সরকার বলে কিছু নেই। এই সরকারের অধীনে নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে নির্বাচন হবে এবং বিএনপিকে সেই নির্বাচনে আসতে হবে। যদি তারা না আসে সেটা তাদের ব্যাপার।’
এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মমিন টুলু, পৌরসভার মেয়র মনিরুজ্জামান মনির, জেলা আওয়ামী লীগ যুগ্ম সম্পাদক জহুরুল ইসলাম নকিব, এনামুল হক আরজু, সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লবসহ অন্যান্যরা।







