পিরোজপুরে রাস্তার পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে পিরোজপুর সড়ক বিভাগ (সওজ)। বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) শহরের বঙ্গবন্ধু চত্বর থেকে পিরোজপুর খুলনা সড়কের বলেশ্বর ব্রীজ পর্যন্ত অভিযান চালানো হয়। এসময় ওই এলাকার রাস্তার পাশে গড়ে ওঠা পাকা-আধাপাকা ১২৫টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে সওজ কর্তৃপক্ষ।
পিরোজপুর সড়ক বিভাগের উপ সহকারী প্রকৌশলী শামীম আহসান এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রকৌশলী শামীম আহসান জানান, উচ্ছেদের আগে অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য মাইকিং করে প্রচারণা চালানো হয়েছিল। কিন্তু অবৈধভাবে গড়ে তোলা স্থাপনা সরিয়ে না নেওয়ায় সকালে বুলডোজার দিয়ে এ সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
পিরোজপুর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মাসুদ মাহমুদ সুমন জানান, উচ্ছেদ অভিযান পরিচালনার আগে সার্ভেয়ারের মাধ্যমে সড়ক ও জনপথ বিভাগের জমির সীমানা নির্ধারণ করে লাল দাগ দিয়ে চিহ্নিত করা হয়।
উচ্ছেদ অভিযানে খুলনা সড়ক বিভাগের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো.শরিফুল ইসলামসহ সড়ক বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।








