ভোলার বোরহানউদ্দিন উপজেলার মেঘনা ও তেতুলিয়া নদীতে নিষেধাজ্ঞা উপেক্ষা করে মাছ ধরার অপরাধে পাঁচ জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আ. কুদদূস। শনিবার (০৩ মার্চ) তাদের আটকের পরে দণ্ড দেওয়া হয়। এসময় ২৫ কেজি জাটকাও জব্দ করা হয়। বোরহানউদ্দিন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এএমএফ নাজমুস সালেহিন এ খবর নিশ্চিত করেছেন।
দণ্ডপ্রাপ্তরা হলো দুলাল, সবুজ, সাত্তার, লিটন ও মিরাজ।
মৎস্য কর্মকর্তা জানান, ইলিশের অভয়াশ্রম খ্যাত বোরহানউদ্দিনের মেঘনা ও তেতুলিয়া নদীসহ মাছঘাট ও মাছের বিভিন্ন বাজারে অভিযান চালানো হয়। এ সময় নিষেধাজ্ঞা উপেক্ষা করে মাছ ধরা ও জাটকা বিক্রির অপরাধে পাঁচ জেলেকে আটক করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আ. কুদদূস জেলে দুলালকে তিন মাস, সবুজ ও সাত্তারকে ২৮ দিন এবং লিটন ও মিরাজকে ১৫ দিনের জন্য কারাদণ্ড দেন। জব্দ জাটকা মাছগুলো স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়।








