ভোলার মেঘনায় নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় ১৮ জেলেকে পাঁচ হাজার টাকা করে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ রবিবার (৪ মার্চ) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মৃধা মো. মোজাহিদুল ইসলাম এ জরিমানা করেন।
ইলিশের অভয়াশ্রম রক্ষায় আজ সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পুলিশ ও মৎস্য বিভাগের সমন্বয়ে একটি দল মেঘনায় অভিযান চালায়। এ সময় মেঘনার ইলিশা পয়েন্ট থেকে ১০ হাজার মিটার জাল ও ৪০ কেজি মাছসহ ১৮ জেলেকে আটক করে। পরে আটক জেলেদের প্রত্যেককে পাঁচ হাজার টাকা জরিমানা করে ছেড়ে দেওয়া হয়। জব্দকৃত জাল মেঘনা পাড়ে পুড়িয়ে ফেলা হয়। এছাড়া ইলিশ বিভিন্ন এতিমখানা, মাদ্রাসা ও দরিদ্রদের মাঝে বিতরণ করা হয়।
উল্লেখ্য, ইলিশ রক্ষা ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত ভোলার মেঘনা-তেঁতুলিয়া নদীর ১৯০ কিলোমিটার এলাকাকে ইলিশের অভয়াশ্রম ঘোষণা করা হয়েছে। ফলে এই ১৯০ কিলোমিটার এলাকায় ইলিশসহ সব ধরনের মাছ ধরা ও জাল ফেলা নিষিদ্ধ করেছে মৎস্য বিভাগ।








