বকেয়া বেতন ও প্রভিডেন্ট ফান্ডের টাকার দাবিতে গত ২১ দিন ধরে ধর্মঘট পালনরত বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) কর্মকর্তা-কর্মচারীরা মানববন্ধন করেছেন। রবিবার (১১ মার্চ) দুপুরে তারা নগর ভবনের সামনের সড়কে এ কর্মসূচি পালন করেন।
বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের নগর ভবন শাখার সাধারণ সম্পাদক দীপক লাল মৃধা জানান, বকেয়া বেতন, প্রভিডেন্ট ফান্ডের টাকার জন্য গত ১৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া আন্দোলনে গত ২১ দিন ধরে তারা নগর ভবনের দোতলায় অবস্থান নিয়ে আন্দোলন চালিয়ে আসছেন। কিন্তু কর্তৃপক্ষ তাদের দাবি-দাওয়া মেনে না নেওয়ায় তারা রবিবার কর্মবিরতি পালনের পাশাপাশি রাস্তায় নেমে মানববন্ধন করতে বাধ্য হয়েছেন। এরপরও দাবি পূরণ না হলে পরবর্তীতে কর্মবিরতি অব্যাহত রাখার পাশাপাশি তারা নগর ভবনের প্রধান ফটক ও হিসাব শাখায় তালা ঝুলিয়ে দেবেন।
তবে কর্মকর্তা-কর্মচারীরা জানান, নগরবাসীর ভোগান্তি যাতে না হয় সেজন্য নগর পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, সড়ক বাতি ও পানি সরবরাহের মতো জরুরি সেবা অব্যাহত রাখা হয়েছে।
আন্দোলনকারীরা বলেন, ‘বিসিসিতে স্থায়ী ও অস্থায়ী মিলিয়ে ২ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারী রয়েছে। স্থায়ী কর্মকর্তা-কর্মচারীরা সর্বশেষ জানুয়ারিতে গত বছরের আগস্ট মাসের বেতন পেয়েছেন। সে হিসেবে এখন স্থায়ী কর্মকর্তা-কর্মচারীদের ৬ মাসের বেতন বকেয়া। অপরদিকে দৈনন্দিন মজুরিভিত্তিক কর্মচারীদের ৫ মাসের বেতন বকেয়া হয়েছে।
তবে মেয়র আহসান হাবিব কামাল জানিয়েছেন, বিসিসির আয় ও প্রয়োজনের তুলনায় বিসিসি’র আগের মেয়ররা অতিরিক্ত জনবল নিয়োগ করায় এ সংকটের সৃষ্টি হয়েছে। আয় বাড়ানো এবং অতিরিক্ত জনবল ছাটাই ছাড়া এর কোনও সমাধান সম্ভব নয়।








