বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনায় বরিশালের বিভিন্ন মসজিদে দোয়া এবং বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়। শুক্রবার জুমার নামাজের পর এসব দোয়া ও মোনাজাত করা হয়। এতে অংশ নেন জেলা ও মহানগর বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
বরিশাল নগরীর অন্যতম প্রধান মসজিদ ‘জামে কসাই’-এ বাদজুমা দোয়া-মোনাজাতে অংশ নেন কেন্দ্রীয় বিএনপি’র যুগ্ম মহাসচিব মজিবর রহমান সরোয়ার। মসজিদে উপস্থিত মুসল্লিদের কাছে খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতার জন্য সবার কাছে দোয়া চান তিনি।
মুসল্লিদের উদ্দেশে তিনি বলেন, ‘সরকার নির্বাচন কমিশনকে নিয়ন্ত্রণ করে আরেকটি প্রহসনমূলক নির্বাচন করতে চায়। বর্তমান সরকারের অন্যায় শাসন ব্যবস্থার কারণে ন্যায়বিচার হারিয়ে যাচ্ছে। এ কারণে প্রধান বিচারপতিকেও দেশ ছেড়ে চলে যেতে হয়েছে।’
তিনি আরও বলেন, বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা দিয়ে দেশে আসতে দিচ্ছে না। দেশের শান্তি ও গণতন্ত্রের জন্য কথা বলায় সরকার খালেদা জিয়াকে সাজানো মামলায় সাজা দিয়ে আটকে রেখেছে।
বিএনপির এই নেতা বলেন, ‘দেশে আজ শান্তির জন্য ন্যায় ও সুশাসন প্রতিষ্ঠা প্রয়োজন হয়ে পড়েছে। আমরা বিএনপিকে ভোট দিতে বলছি না। আমরা চাই জনগণ একটি নিরপেক্ষ সহায়ক সরকারের মাধ্যমে নির্বাচনের ব্যবস্থা করবে, যাতে জনগণ তাদের পছন্দের দলকে ভোট দিতে পারে।’
এ সময় সেখানে আরও উপস্থিত ছিলেন বরিশালের ভারপ্রাপ্ত মহানগর সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন সিকদার, যুগ্ম সম্পাদক আনোয়ারুল হক তারিনসহ অনেকে।
এর আগে কেন্দ্রীয় কর্মসূচি পালন উপলক্ষে দক্ষিণ ও উত্তর জেলা বিএনপির আয়োজনে বরিশাল জেলা ও মহানগর বিএনপির দলীয় কার্যালয়ে দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়।







