পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় পাড়েরহাট বন্দর এলাকায় স্ত্রী রিপা (২০) ও শ্বশুর জাহাঙ্গীরকে (৪৫) কুপিয়ে হত্যা করেছে হাবিবুর রহমান আপন নামে এক যুবক। এ ঘটনায় ঘাতক আপনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৬ এপ্রিল) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) নাসির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আপন মাদক সেবন করতো। এ নিয়ে রিপার সাথে আপনের ঝগড়া বিবাদ লেগেই থাকতো। একাধিবার বিষয়টি নিয়ে শালিস বৈঠকও হয়েছে। ৬ থেকে ৭ মাস আগে রিপা আপনের ঘড় ছেড়ে তার বাবার বাড়ীতে এসে ওঠে। এই ক্ষোভে সে বৃহস্পতিবার রাতে তরমুজ কিনে বাসায় ফেরার পথে রিপাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এ সময় বাবা জাহাঙ্গীর বাধা দিতে গেলে তাকেও ছুরি দিয়ে আঘাত করে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের দুজনকেই মৃত ঘোষণা করে।
ওসি জানান ,ঘাতক হাবিবুর রহমান আপনকে আটক করা হয়েছে। এ বিষয় মামলা দায়ের করা হয়েছে।








