বরিশালে মাদকবিরোধী অভিযানে গত ১০ দিনে ৫০৭ জনকে গ্রেফতার করেছে বরিশাল বিভাগ জেলা ও মেট্রোপলিটন পুলিশ (বিএমপি)। সোমবার (২৮ মে) বিকালে নিজ নিজ দফতর থেকে পাঠানো সংবাদ মাধ্যমে বিষয়টি জানানো হয়।
বরিশাল রেঞ্জ পুলিশের পক্ষ থেকে জানানো হয়, ১৮ মে প্রথম রমজান থেকে ১০ রমজান পর্যন্ত বরিশাল রেঞ্জের অধীনে ৬ জেলায় বিশেষ মাদকবিরোধী অভিযান চালানো হয়। এ অভিযান এখনও চলমান রয়েছে।
রেঞ্জের ডিআইজি শফিকুল ইসলামের নির্দেশনা ও তদারকিতে এই ১০ দিনে বরিশাল, পটুয়াখালী, ঝালকাঠী, ভোলা, পিরোজপুর ও বরগুনা জেলায় মাদকের সঙ্গে সংশ্লিষ্টতার জন্য মোট ৪৩৫ জনকে গ্রেফতার করা হয়েছে।
পাশাপাশি ৫ হাজার ৪৭৪ পিস ইয়াবা, ৩৩ কেজি ১২২ গ্রাম গাঁজা, ফেন্সিডিল ২৪ বোতল, বিদেশি বিয়ার ২৩ ক্যান ও ৪৯১ লিটার ৩০০ মিলিলিটার দেশী মদ উদ্ধার করা হয়। যার প্রেক্ষিতে ৬ জেলার বিভিন্ন থানায় ৩৪৭টি মামলা দায়ের করা হয়েছে।
অন্যদিকে বরিশাল মেট্রোপলিটন পুলিশের পক্ষ জানানো হয়, মাদকবিরোধী অভিযানে প্রথম রমজান থেকে ১০ রমজান পর্যন্ত মোট ৭২ জনকে গ্রেফতার হয়েছে। এসময় তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে ২ হাজার ৬১১ পিস ইয়াবা, ১২ কেজি ৫০০ গ্রাম গাঁজা, ৭৫০ মিলিলিটার দেশীয় মদ উদ্ধার করা হয়।
এ ব্যাপারে মেট্রোপলিটনের ৪ থানায় ৫৮টি মামলা দায়ের করা হয়েছে।








