বরিশালে নূরে আলম নামে এক মাদক ব্যবসায়ীর পেট কেটে পাকস্থলী থেকে ১ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। বুধবার দুপুরে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে তার অস্ত্রোপচার করা হয়। বরিশাল মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সহকারী কমিশনার নাসির উদ্দিন মল্লিক বিষয়টি নিশ্চিত করেছেন।
গোয়েন্দা পুলিশ জানায়, গ্রেফতারকৃত নূরে আলমের বাড়ি লক্ষ্মীপুর জেলার চরসীতা গ্রামে। তার বাবার নাম আবুল হাশেম মিয়া।
বরিশাল মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সহকারী কমিশনার নাসির উদ্দিন মল্লিক জানান, মঙ্গলবার দিবাগত মধ্যরাতে গোয়েন্দা পুলিশ নগরীর রুপাতলী এলাকার সুলতানের বাড়িতে অভিযান চালিয়ে নূরে আলমসহ চার মাদক ব্যবসায়ীকে আটক করে।
জিজ্ঞাসাবাদে নুরে আলম জানায়, ১০ হাজার টাকার বিনিময়ে সে পায়ুপথে পাকস্থলীতে এই ইয়াবা ভরে নিয়ে লক্ষ্মীপুর থেকে মঙ্গলবার রাতে বরিশাল এসেছে। নগরীর রুপাতলী এলাকার এই বাড়িতে এসে অপর তিন মাদক ব্যবসায়ীর সঙ্গে অবস্থান নিয়েছে। তাদের পরিকল্পনা ছিল এক গ্রাম্য-ডাক্তারের সহায়তায় ইয়াবাগুলো পেট থেকে বের করে তারা নির্দিষ্ট স্থানে পৌঁছে দেবে। কিন্তু তার আগেই ডিবি পুলিশ এ খবর পেয়ে অভিযান চালিয়ে চারজনকেই আটক করে। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতদের মধ্যে নূরে আলম পেটের ভেতর ইয়াবা বহনের কথা স্বীকার করলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
এ ব্যাপারে শেরে-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের চিকিৎসক ডা. ইখতিয়ার আহসান জানান, অপারেশন শেষে এই মাদক ব্যবসায়ীকে পুলিশ পাহারায় বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের সার্জারি ওয়ার্ডের পোস্ট-অপারেটিভ শাখায় রাখা হয়েছে।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) উপ-কমিশনার (গোয়েন্দা) মোয়াজ্জেম হোসেন ভূঁঞা জানান, মাদক ব্যবসায়ী নূরে আলমের বিরুদ্ধে মাদক বহন ও বিক্রির দায়ে কোতোয়ালি থানায় মামলা দায়ের করা হয়েছে। বাকিদের জিজ্ঞাসাবাদ চলছে।








