বরিশালের গৌরনদীতে ছোট ভাইকে হত্যার অভিযোগে নিহতের মেঝ ভাই ও ভাবিকে ঢাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে গৌরনদী থানা পুলিশ ঢাকা মেট্রোপলিটন পল্লবী থানা পুলিশের সহায়তায় তাদের মিরপুর এলাকা থেকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতরা হলেন, আসামি নজরুল আকন ও তার স্ত্রী রেহানা বেগম।
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গত ২৬ এপ্রিল বরিশালের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের ভুরঘাটা গ্রামে ভাই ও ভাবির হামলায় বাদল আকন (৩৫)নামে এক ব্যক্তি নিহত হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও গৌরনদী থানার ইন্সপেক্টর (তদন্ত) আফজাল হোসেন জানান মামলা দায়েরের ২ মাস ১৬ দিন পর তাদের গ্রেফতার করা হয়েছে।
তিনি বলেন, সৌদি প্রবাসী ছোট ভাই বাদল আকন (৩৫) খুন হওয়ার ঘটনায় নিহতের স্ত্রী পশ্চিম খাঞ্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা সুমা বেগম বাদী হয়ে নিহতের মেঝভাই নজরুল আকন, মেঝভাবি রেহানা বেগমসহ ৮ জনের নাম উল্লেখসহ মোট ১১ জনকে আসামি করে ২৬ এপ্রিল সন্ধ্যায় গৌরনদী থানায় একটি হত্যা দায়ের করেন।
মামলায় বলা হয় ৬ মাস ধরে উপজেলার ভূরঘাটা গ্রামের গোলাম আলী আকনের প্রবাসী তিন ছেলের মধ্যে দালানের কক্ষ ভাগ-বাটোয়ারা নিয়ে বিরোধ চলে আসছিল।এক মাস আগে মালেশিয়া প্রবাসী মেঝভাই নজরুল ইসলাম বাড়িতে এসে ছোট ভাই বাদল আকনের মুরগীর খোপ ভাঙচুর করে। ছোটভাই বাদল আকন বাড়িতে এসে ওই মুরগীর খোপ মেরামত করে দিতে বলে। মুরগীর খোপ মেরামত ও যৌথভাবে নির্মিত পাকা বাসভবনের কক্ষ ভাগাভাগি নিয়ে ২৬ এপ্রিল সকাল সাড়ে ৮টার দিকে দুই ভাইয়ের মধ্যে বাকবিতন্ডা বাঁধে। এক পর্যায়ে মেঝভাই নজরুল আকন ও তার স্ত্রী রেহানা বেগম ক্ষিপ্ত হয়ে বাদলের ওপর হামলা চালায়। এক পর্যায়ে নজরুলের ঘুষিতে বাদল মাটিতে লুটিয়ে পড়ে।
তাৎক্ষণিক বাড়ির লোকজনে তাকে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।








