বরিশাল নগরী এবং গৌরনদী উপজেলায় পৃথক অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেট ও ফেনসিডিলসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব ও ডিবি পুলিশ।
আটককৃতরা হলো বরিশালের গৌরনদী উপজেলার বেকীনগর পালপাড়া এলাকার মৃত সন্তোষ সান্যালের ছেলে প্রসেনজিৎ সান্যাল (২২), পটুয়াখালী জেলা সদরের টাউন কালিকাপুর এলাকার কাজী আজাহারের ছেলে কাজী ইলিয়াছ (৩৫) এবং যশোরের শার্শা থানার শিবচন্দ্রপুর এলাকার আদিল মোড়লের স্ত্রী ছকিনা বেগম (৫৫)।
র্যাব-৮ বরিশাল সিপিএসসি'র ডিএডি মোহাম্মদ জহিরুল ইসলাম জানান, বৃহস্পতিবার (৫ জুলাই) সকালে গোপন সংবাদের ভিত্তিতে গৌরনদীর উপজেলার বড়কসবা মিশন রোডে অভিযান চালিয়ে প্রসেনজিৎ সান্যালকে আটক করে তার কাছ থেকে ৯৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ব্যাপারে তিনি বাদী হয়ে গৌরনদী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন।
অপরদিকে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের এসআই দেলোয়ার জানান, গোপন সংবাদের ভিত্তিতে তার নেতৃত্বে নগরীর মুসলিম গোরস্থান রোডে অভিযান চালিয়ে কাজী ইলিয়াছ (৩৫) ও ছকিনা বেগমকে (৫৫) ভারতীয় ফেন্সিডিলসহ বৃহস্পতিবার ভোররাতে আটক করা হয়। এ ঘটনায় তিনি বাদী হয়ে কোতয়ালি থানায় মামলা দায়ের করেছেন।








