বগুড়ার ধুনট উপজেলায় স্ত্রীর করা যৌতুক মামলায় উপ-সহকারী কৃষি কর্মকর্তা শাহিনুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ জাহাঙ্গীর আলম এর সত্যতা নিশ্চিত করেছেন।
এজাহার সূত্রে জানা যায়, শাহিনুর রহমান ধুনট উপজেলার রামনগর গ্রামের সাইফুল ইসলামের ছেলে। তিনি ধুনট উপজেলায় উপ-সহকারী কৃষি কর্মকর্তা পদে নিমগাছি ইউনিয়ন ব্লকে কর্মরত আছেন। শাহিনুর ২০১৭ সালের ২১ জানুয়ারি ঈশ্বরঘাট গ্রামের এক নারীকে প্রেমের ফাঁদে ফেলে দ্বিতীয় বিয়ে করেন। বিয়ের পর তিনি দ্বিতীয় স্ত্রীর কাছে ৫ লাখ টাকা যৌতুক দাবি করেন। যৌতুক দিতে না পারায় ক্ষুব্ধ শাহিনুর তাকে শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করে। একপর্যায়ে গত ১৩ জুন তাকে মারধর করে বাড়ি থেকে তাড়িয়ে দেন। এ সময় তিনি বাবার বাড়িতে গিয়ে আশ্রয় নেন। গত ২৬ জুন তিনি আদালতে শাহিনুর রহমানের বিরুদ্ধে মামলা করেন। শাহিনুর ১৭ জুলাই আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করেন। আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বর্তমানে শাহিনুর বগুড়া কারাগারে আছেন।
এ প্রসঙ্গে ধুনট উপজেলা কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর আলম সাংবাদিকদের জানান, সরকারি বিধিমোতাবেক ঊর্ধ্বতন কর্মকর্তার আদেশে সোমবার উপ-সহকারী কৃষি কর্মকর্তা শাহিনুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।








