বরিশাল সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ বলেছেন, ‘মেয়রের আসনে বসার পর প্রথম কাজ হচ্ছে নগরবাসীকে সর্বোচ্চ নাগরিক সেবা দেওয়া। বরিশালে অনেক এলাকায় বিশুদ্ধ পানি তো দূরের কথা, খাবার পানিও পাওয়া যায় না। তাই আমার প্রথম কাজ হচ্ছে নগরবাসীকে ২৪ ঘণ্টা বিশুদ্ধ পানি সরবরাহ নিশ্চিত করা।’
সোমবার (৬ আগস্ট) রাতে বারিশাল রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘আমি বরিশাল সিটির বর্ধিত এলাকার উন্নয়নের জন্য নানা পরিকল্পনা করেছি। বিষয়টি নিয়ে অনেক ইঞ্জিনিয়ারের সঙ্গে কথা বলেছি। বরিশাল সিটি করপোরেশনকে একটি স্বচ্ছ সিটি করপোরেশন হিসেবে গড়ে তুলতে চাই। প্রধানমন্ত্রী আমাকে দায়িত্ব দিয়েছেন নগরবাসীর উন্নয়নে সহায়তা করার জন্য।’
মেয়র সাদিক আব্দুল্লাহ আরও বলেন, ‘ইতোমধ্যে নগরবাসীর সমস্যা সমাধানে ওয়ার্ডে ওয়ার্ডে হেল্পলাইন চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি সিটি করপোরেশন এলাকাটিকে নিরাপত্তার চাদরে ঘিরে রাখারও পরিকল্পনা রয়েছে। এখন শুধু শপথগ্রহণের সময়টুকু বাকি।’
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বরিশাল রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি আলী জসিম, বর্তমান সভাপতি নজরুল বিশ্বাস, সাধারণ সম্পাদক এটিএম কামরুল আহসান, বরিশাল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হোসেন চৌধুরী প্রমুখ।








