বরিশালে হেমায়েত উদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে বুধবার (২২ আগস্ট) সকাল ৮টায় ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এ জামাতে অংশ নেন বরিশালের বিভাগীয় কমিশনার শহিদুজ্জামান, জেলা প্রশাসক হাবিবুর রহমান, বরিশাল সিটি করপোরেশনের মেয়র আহসান হাবিব কামাল, নবনির্বাচিত মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ, সদর উপজেলার চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু, নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একেএম জাহাঙ্গীরসহ আওয়ামী লীগ, জাতীয় পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতা ও প্রশাসনের কর্মকর্তারা। তবে প্রধান ঈদগাহ ময়দানে ঈদুল আজহার নামাজ আদায় করেননি বিএনপি কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও বরিশাল মহানগর বিএনপি সভাপতি মুজিবর রহমান সরোয়ার ও জেলা বিএনপি সভাপতি এবায়েদুল হক চাঁন।
বিএনপি নেতা মুজিবর রহমান সরোয়ার তার নিজ এলাকা নগরীর পশ্চিম কাউনিয়া সৈয়দা মজিদুন্নেছা মাধ্যমিক বিদ্যালয় মাঠে ঈদেও নামাজ আদায় করেছেন। জেলা বিএনপি সভাপতি এবায়েদুল হক চাঁনও নিজ এলাকা আমানতগঞ্জ ঈদগাহ্ ময়দানে ঈদুল-আজহার নামাজ আদায় করেন। কেন্দ্রীয় বিএনপি নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য মেজবাহউদ্দিন ফরহাদ নিজ গ্রাম মেহেন্দিগঞ্জের শ্রিপুরের চর ফেনুয়া জামে মসজিদ ময়দানে ঈদুল-আজহার নামাজ আদায় করেছেন।
নামাজ পরবর্তী ঈদের শুভেচ্ছা বিনিময়ের সময় বিভাগীয় কমিশনার শহিদুজ্জামান বলেন, ‘ত্যাগের মহিমায় কোরবানি দিয়ে প্রত্যেকের উচিত অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে সহায়তা করা।’
এসময় তিনি ১৫ আগস্ট জাতির জনকসহ অন্য শহীদদের আত্মার শান্তি কামনা করে দেশের শান্তি ও সমৃদ্ধি অব্যাহত রাখতে সবার প্রতি আহ্বান জানান।
জাতীয় ইমাম সমিতি বরিশাল মহানগর শাখার সভাপতি মাওলানা কাজী আব্দুল মান্নান জানান,প্রধান জামাত ছাড়াও সকাল ৮টা থেকে ৯টার মধ্যে বরিশাল মহানগরে ৩ শতাধিক মসজিদে ঈদের জামাত হয়েছে। এসব জামাতে দেশের সমৃদ্ধি এবং দেশ ও জাতির অগ্রগতি কামনায় দোয়া মোনাজাত করেন।







