বরগুনায় বয়স্ক ভাতা নিয়ে ফেরার পথে দুইজন নিহত ও একজন আহত হয়েছে। মঙ্গলবার দুপুর একটার দিকে বরগুনা-বেতাগী সড়কের কাজিরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন মো. আজিজ সিকদার (৬৫) ও হানিফ আকন (৬৮)। তাদের বাড়ি কাজিরাবাদ ইউনিয়নের বকুলতলী গ্রামে। এছাড়া গুরুতর আহত লিটন আকন শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, আজিজ সিকদার ও হানিফ আকন বরগুনা থেকে বয়স্ক ভাতার টাকা উঠিয়ে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। তারা বেতাগী উপজেলার কাজিরহাট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ‘সাত্তার পরিবহন’ নামে একটি যাত্রীবাহী বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে মো.আজিজ সিকদার ঘটনাস্থলেই মারা যান এবং হানিফ আকনসহ মোটরসাইকেল চালক লিটন আকন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দুইজনকে উদ্ধার করে বেতাগী উপজেলা হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় হানিফ আকন মারা যান এবং গুরুতর আহত লিটন আকনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় কাজিরহাট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সেলিম মিয়া জানান, মো. আজিজ সিকদার ও হানিফ আকন উপজেলা সমাজ সেবা অধিদফতরের ভাতা বইয়ে স্বাক্ষর করার পরে সোনালী ব্যাংক থেকে বয়স্ক ভাতার টাকা তুলে বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনার শিকার হন।
এ বিষয়ে বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) মামুন অর রশীদ পিপিএম বলেন, বাসচাপায় নিহত দুইজনের মরদেহ ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় বাসসহ চালক মিন্টুকে আটক করা হয়েছে।








