বরিশালের গৌরনদী পৌরসভায় ধর্ষণের অভিযোগে নবীন ঘরামী (২০) নামের এক তরুণকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১ সেপ্টেম্বর) বিকালে তাকে গ্রেফতার করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা গৌরনদী থানার এসআই মোশারফ হোসেন এই খবর নিশ্চিত করেন।
এসআই মোশারফ হোসেন জানান,পৌরসভার গোবর্ধন এলাকার ওই তরুণী (২৩) ধর্ষণের অভিযোগে শনিবার (১ সেপ্টেম্বর) দুপুরে থানায় একটি মামলা দায়ের করেন। বিকালে বানিয়াশুরী এলাকায় অভিযান চালিয়ে নবীন ঘরামীকে গ্রেফতার করা হয়। নবীনকে শনিবার বরিশাল অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে আদালতের বিচারক সন্ধ্যায় তাকে জেলহাজতে পাঠান।
এসআই জানান, তরুণীর ডাক্তারি পরীক্ষার জন্য রবিবার সকালে বরিশাল শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হবে বলে মামলার তদন্ত কর্মকর্তা এসআই মোশারফ হোসেন জানান।
মামলার বরাত দিয়ে এসআই মোশারফ হোসেন জানান,নবীন ঘরামী গৌরনদী পৌরসভার বানিয়াশুরী এলাকার দুলাল ঘরামীর ছেলে। সে মাছের পোনা বিক্রেতা। ৬ মাস আগে মোবাইল ফোনের মিসডকলের মাধ্যমে তার সঙ্গে ওই তরুণীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিয়ের কথা বলে তরুণকে নবীন ঘরামী ২৮ আগস্ট বিকালে বরিশাল নগরীতে নিয়ে আসে। রাতে বরিশাল শহরের একটি আবাসিক হোটেল কক্ষে একাধিকবার ধর্ষণ করে।








