পিরোজপুরের মঠবাড়িয়ায় নিখোঁজ পোশাক ব্যবসায়ী বেলায়েত হোসেন বেল্লালের (৩৮) লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৩ অক্টোবর) বিকাল সাড়ে ৫টার দিকে মঠবাড়িয়ায় তাদের বাড়ির পাশের ডৌয়াতলা খাল থেকে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। শুক্রবার (১২ অক্টোবর) সকাল থেকে নিখোঁজ ছিলেন বেল্লাল। মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ছরোয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত বেল্লালের স্ত্রী রেকসনা বেগম জানান, তাদের বাসা মঠবাড়িয়া শহরের সবুজনগর এলাকায়। তার স্বামী মঠবাড়িয়া শহরের মুক্তিযোদ্ধা সুপার মার্কেটে পোশাকের ব্যবসা করতেন। শুক্রবার সকালে তাদের জমি-জমা নিয়ে একটি সালিস বৈঠক ছিল। সালিস বৈঠকে জমির কাগজপত্র দেখিয়ে নিজের পক্ষে রায় পান তার স্বামী। ওই সালিস বৈঠক থেকে বের হয়ে তিনি নিখোঁজ হন। এ ঘটনায় তিনি শুক্রবার রাতে মঠবাড়িয়া থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
ওসি গোলাম ছরোয়ার জানান, বেলায়েত হোসেন বেল্লালের লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। রবিবার (১৪ অক্টোবর) লাশের ময়নাতদন্তের জন্য পিরোজপুর মর্গে পাঠানো হবে।








