নিষেধাজ্ঞা অমান্য করে ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদী থেকে ইলিশ ধরার দায়ে ৯ জেলেকে আটক করেছে উপজেলা প্রশাসনের যৌথ টিম। রবিবার (১৪ অক্টোবর) ভোরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মো.আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সূত্র জানায়, ইউএনও কামাল হোসেনের নেতৃত্বে মৎস্য বিভাগ, কোস্টগার্ড ও নৌ-পুলিশের একটি টিম মেঘনা ও তেঁতুলিয়া নদীতে অভিযান চালায়। অভিযানে দুই নদীর বিভিন্ন পয়েন্টে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার অপরাধে ৯ জনকে আটক করা হয়। এছাড়াও একটি ট্রলার ও ১০ কেজি ইলিশ জব্দ করা হয়।
ইউএনও কামাল হোসেন জানান, ইলিশের প্রধান প্রজনন মৌসুমের কারণে ৭ অক্টোবর থেকে ২৮ অক্টোবর পর্যন্ত ইলিশ ধরা, জাল ফেলা, বিক্রি ও পরিবহনে নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। ইলিশ ধরা প্রতিরোধ করার জন্য প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।








