পিরোজপুরে ইয়াবা বিক্রির দায়ে ফারজানা বেগম (৩৫) নামে এক নারী মাদক ব্যবসায়ীর আট বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। রবিবার (১৪ অক্টোবর) দুপুরে পিরোজপুরের জেলা ও দায়রা জজ মো. রফিকুল ইসলাম এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী খান মো. আলাউদ্দিন এসব তথ্য জানিয়েছেন।
দণ্ডপ্রাপ্ত ফারজানা বেগম পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার নলবুনিয়া গ্রামের মো. বাদল শরীফের স্ত্রী। রায় ঘোষণার সময় সে আদালতে (ফারাজানা বেগম) উপস্থিত ছিল না।
মামলার বিবরণ থেকে জানা যায়, ২০১৬ সালের ১২ মার্চ রাতে গোপন সংবাদের ভিত্তিতে ভাণ্ডারিয়া থানা পুলিশের একটি দল উপজেলার লক্ষ্মীপুরা গ্রামে অভিযান চালিয়ে ফারজানা বেগমকে আটক করে। এরপর তার সঙ্গে থাকা ৫৫০ পিস ইয়ায়া ট্যাবলেট উদ্ধার করে। এ ঘটনায় ভাণ্ডারিয়া থানার উপ-পরিদর্শক মো. জুয়েল হাওলাদার বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে স্থানীয় থানায় ফারাজানা বেগমকে প্রধান আসামি করে পাঁচজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। ওই বছরের ১২ এপ্রিল মামলার তদন্ত কর্মকর্তা জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক আব্দুল জলিল হাওলাদার পাঁচজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন। সাক্ষ্য প্রমাণে অভিযোগ প্রমাণিত হওয়ায় ফারজানা বেগমকে আট বছরের কারাদণ্ড এবং ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়। অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত চারজনকে বেকসুর খালাস দিয়েছেন।








