পুলিশি বাধার কারণে বরিশালে ১৭ বিএনপি নেতা গণঅনশন কর্মসূচি পালন করেছেন। জিয়া চ্যারিটেবল মামলার রায়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে কারাদণ্ড দেওয়ার প্রতিবাদে এবং তার মুক্তির দাবিতে কেন্দ্র ঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ সকাল ১১টায় নগরীর দলীয় কার্যালয়ের সামনে বিএনপি’র উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
কর্মসূচিতে অংশ নেওয়া নেতারা জানান, কর্মসূচী শুরুর আগে পুলিশ মূল গেটে বেরিক্যাড সৃস্টি করায় অনশনস্থলে আসতে পারেনি বিএনপি নেতাকর্মীরা। তবে পুলিশের ব্যারিক্যাট ডিঙিয়ে কয়েক ধাপে মহানগর এবং জেলা বিএনপির’ ১৭ নেতা দলীয় কার্যালয়ের সামনে যাওয়ার সুযোগ পাওয়ায় তারাই অনশন কর্মসূচিতে অংশ নেন। অনশন চলাকালে বক্তব্য রাখেন দলের যুগ্ম মহাসচিব সাবেক মেয়র মজিবর রহমান সরোয়ার, কেন্দ্র্রীয় সাংগঠনিক সম্পাদক সাবেক এমপি বিলকিস জাহান শিরীন, উত্তর জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি মেজবাহ উদ্দিন ফরহাদ ও দক্ষিণ জেলা বিএনপির সভাপতি এবায়েদুল হক চানসহ অন্যান্য নেতারা।
বক্তারা অভিযোগ করেন, পুলিশ যেখানে তাদের শান্তিপূর্ণ অনশন কর্মসূচিতে বাধা দিচ্ছে সেখানে প্রধানমন্ত্রীর সংলাপের আহ্বান কতটুকু সফল হবে তা নিয়ে জনগণ সন্দিহান। নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচন আদায় করার সংগ্রামে সবাইকে ঐক্যবদ্ধভাবে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান তারা। বিএনপির কর্মসূচি উপলক্ষে সদর রোডসহ আশপাশের এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন ছিল।








