ভিডিও কনফারেন্সের মাধ্যমে বরিশালের ১৭টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (১ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রী গনভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী বরিশাল জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষের সঙ্গে সংযুক্ত হন।
গনভবন থেকে স্বাগত বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর মূখ্য সচিব নজিবুল বাশার। পরে প্রধানমন্ত্রী বরিশাল জেলার ৪টি উপজেলার ১৪টি ইউনিয়নে উচ্চগতির ইন্টারনেট কানেকটিভিটি, হিজলা থানা ভবন, বাকেরগঞ্জ ফায়ার স্টেশন এবং বরিশাল সদর (দক্ষিণ) ফায়ার স্টেশনসহ ১৭টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ঘোষণা করেন।
প্রধানমন্ত্রী তার বক্তব্যে বলেন, ‘ইউনিয়ন পর্যায়ে উচ্চগতির ইন্টারনেট কর্মসংস্থানের সুযোগ করে দেবে ওই সব এলাকার মানুষকে। আর এ সব উন্নয়ন প্রকল্পের সুবিধা পাবে সেখানকার সাধারণ মানুষও। দেশ এগিয়ে যাচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী তার সরকারকে আবারও দেশবাসীর প্রতি ক্ষমতায় আনার আহ্বান জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরিশাল সদর আসনের এমপি জেবুন্নেছা আফরোজ, জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান, পুলিশ সুপার সাইফুল ইসলাম, প্রেসক্লাবের সাবেক সভাপতি এসএম ইকবাল, মেট্রোপলিটন প্রেসক্লাবের সভাপতি কাজী আবুল কালাম আজাদসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি দফতরের কর্মকর্তারা।








