বরিশালের হিজলা উপজেলার বাহেরচর গ্রামে স্ত্রী সালমা বেগমকে (৩০) হত্যার অভিযোগে স্বামী শামীম সরদারকে গ্রেফতার করা হয়েছে। রবিবার (৪ নভেম্বর) দুপুরে তাকে গ্রেফতার করা হয়। এর আগে সালমা বেগমের বাবা নেছার হাওলাদার মামলা দায়ের করেন।
হিজলা থানার ওসি এসএম মাকসুদুর রহমান জানান, মামলা দায়েরের পর অভিযান চালিয়ে শামীম সরদারকে গ্রেফতার করা হয়। সালমা বেগমের লাশ ময়নাতদন্তের জন্য বরিশাল শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
সালমার বাবা নেছার হাওলাদার জানান, শামীমের প্রেমের সম্পর্ক নিয়ে প্রায়ই স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হতো। মারধর করতো শামীম। বিষয়টি আমাকে জানানোর পর শামীমকে বুঝিয়ে সংসারে মনোযোগী হওয়ার কথা বলি। কিন্তু শামীম কারও কথা শুনতো না। সে তার প্রেমের সম্পর্ক চালিয়ে যেতে থাকে। শনিবার (৩ নভেম্বর) রাতে একই বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। এ সময় শামীম সালমার ওপর নির্যাতন চালায়। আমার ও শামীমের বাড়ি একই গ্রামে হওয়ায় রাতেই খবর পেয়ে আশঙ্কাজনক অবস্থায় সালমাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করি। চিকিৎসাধীন অবস্থায় গভীর রাতে সালমা মারা যায়। রবিবার (৪ নভেম্বর) আমি বাদী হয়ে শামীমকে আসামি করে হিজলা থানায় হত্যা মামলা দায়ের করি।








