পিরোজপুরে দুই মাদক ব্যবসায়ীকে ভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত। রবিবার (৪ নভেম্বর) জেলা ও দায়রা জজ মো. রফিকুল ইসলাম এ দণ্ড দেন। একই আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) খান মো. আলাউদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।
দণ্ডপ্রাপ্তরা হলো– কক্সবাজারের মহেশখালীর বাড়ীয়াপাড়ার আবু তাহেরের মেয়ে আয়েশা আক্তার (৩৩) ও পিরোজপুরের নাজিরপুর উপজেলার মুনিরাবাদ গ্রামের লুৎফর রহমানের ছেলে মো. মাসুম বেপারী (৩৬)। আয়েশা আক্তারকে ১০ বছরের কারাদণ্ড, ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও একবছরের কারাদণ্ড এবং মাসুম বেপারীকে ১২ বছরের কারাদণ্ড, ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও একবছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
আদালত সূত্র জানায়, ২০১৭ সালের ৩ ডিসেম্বর সকালে নাজিরপুর উপজেলার বৈঠাকাটা বাজারের টেম্পু স্ট্যান্ডে অভিযান চালিয়ে পুলিশ আয়েশা ও মাসুমকে আটক করে। এসময় পুলিশ আয়েশার কাছে ৯৫০ পিস ও মাসুমের কাছে একহাজার পিস ইয়াবা উদ্ধার করে। পুলিশি জিজ্ঞাসাবাদে আয়েশা জানায়, ইয়াবাগুলো নাজিরপুর উপজেলার মুনিরাবাদ গ্রামের আল আমিন আকনের।
এ ঘটনায় বৈঠাকাটা পুলিশ তদন্তকেন্দ্রের ওই সময়ের উপ-পরিদর্শক (এসআই) অনুপ কুমার মণ্ডল বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আয়েশা, মাসুম ও আল আমিনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। ২০১৮ সালের ৪ জানুয়ারি মামলার তদন্ত কর্মকর্তা তিন জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন। সাক্ষ্য-প্রমাণে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত আয়েশা ও মাসুমকে এ দণ্ড দেন। আর অভিযোগ প্রমাণিত না হওয়ায় আল আমিন আকনকে বেকসুর খালাস দেন।








