নির্বাচন কমিশনার কবিতা খানম বলেছেন, ‘নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়, এমন কাজ করা যাবে না। নির্বাচন পূর্ব, নির্বাচনকালীন ও নির্বাচন পরবর্তী সময়ে সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে হবে।’
বুধবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় বরিশাল জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় তিনি একথা বলেন। এতে প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কবিতা খানম বলেন, ‘নির্দেশনা যেন বক্তৃতায় সীমাবদ্ধ না থাকে তা নিশ্চিত করতে হবে। ভোটার এবং ভোটকেন্দ্রের নিরাপত্তা বিধানে সব বাহিনীকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। এতো কিছুর পরও নির্দেশনার কোনও ব্যতয় হলে জড়িতদের ক্ষমা করা হবে না।’
সভায় ৭ম পদাতিক ডিভিশনের জিওসি ব্রিগেডিয়ার জেনারেল সাজ্জাদ হোসেন, বরিশালের বিভাগীয় কমিশনার রাম চন্দ্র দাস, মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোশারফ হোসেন, রেঞ্জ ডিআইজি মো. শফিকুল ইসলাম, র্যাব-৮ এর কমান্ডিং অফিসার আতিকা ইসলাম, বিভাগের ৬ জেলা প্রশাসক, পুলিশ সুপার, উপজেলা নির্বাহী কর্মকর্তা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, সেনাবাহিনী, বিজিবি, কোস্টগার্ড এবং নির্বাচনি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।








