ঝালকাঠি-২ আসনে নৌকার সমর্থনে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন জাতীয় পার্টির (জাপা) প্রার্থী এমএ কুদ্দুস খান। মঙ্গলবার (২৫ ডিসেম্বর) বিকাল ৪টায় শহরের সাধনার মোড়ে এক পথসভায় তিনি এ ঘোষণা দেন।
জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমানের সঞ্চালনা ও জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আনুর সভাপতিত্বে পথসভায় প্রধান অতিথি ছিলেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। প্রধান বক্তা ছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদের উপদেষ্টা ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য প্রার্থী এমএ কুদ্দুস খান।
প্রধান অতিথির বক্তব্যে আমির হোসেন আমু বলেন, ‘আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় নির্বাচনে নৌকা প্রতীকের জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। জাতীয় পার্টি মহাজোটের প্রধান শরিক দল। আগামী দিনের উন্নয়নের জন্য মহাজোটকে ফের ক্ষমতায় আনতে হবে।’
এমএ কুদ্দুস খান তার বক্তব্যে বলেন, ‘আমরা জোটগত নির্বাচনে অংশ নিয়েছি। তাই দলের সিদ্ধান্ত মেনে আওয়ামী লীগের বর্ষিয়ান নেতা আমির হোসেন আমুকে সমর্থন দিয়েছি। আজ থেকে জাতীয় পার্টির সবপর্যায়ের নেতাকর্মীরা নৌকার পক্ষে নির্বাচন করবেন। নির্বাচনে জয়ী হতে জোটের সব দলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’
সভায় আরও বক্তব্য রাখেন– জেলা মহাজোটের প্রধান সমন্বয়কারী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খান সাইফুল্লাহ পনির। অনুষ্ঠানে ঝালকাঠি পৌর মেয়ার লিয়াকত আলী তালুকদার, যুব মহিলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি কেশয়ারা সুলতানাসহ আওয়ামী লীগ ও জাতীয় পার্টির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।








