বুধবার (২৬ ডিসেম্বর) বিকেলে বরিশাল বিমানবন্দরে এক কোটি ৪২ লাখ ৯০ হাজার টাকাসহ ৫ জনকে আটক করেছে বিমানবন্দর থানা পুলিশ। এদের মধ্যে দুইজন চীনা নাগরিক, একজন দোভাষী, একজন চালক ও অপরজন তাদের সহযোগী।
বিমানবন্দর সূত্রে জানা গেছে, নভোএয়ারের একটি ফ্লাইট বিকেলে বরিশাল বিমানবন্দরে অবতরণ করলে বিমানের যাত্রী চীনা নাগরিক সিডি বিমানবন্দরের বাইরে যান। কিছুক্ষণের মধ্যে তিনি দুইটি ব্যাগ নিয়ে আবার বিমানবন্দরে প্রবেশ করেন। ব্যাগ দুইটি স্ক্যানিংকালে সেখানে টাকার অস্তিত্ব দেখতে পায় কর্তৃপক্ষ। ব্যাগটি খোলার পর এ বিষয়ে নিশ্চিত হওয়া যায়।
এ সময় জিলিন নামের অপর এক চীনা নাগরিক বিমানবন্দরের ভেতরে অবস্থান করছিলেন। ২ জনকেই জিজ্ঞাসাবাদ করে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনী। বিমানবন্দর থানার ওসি এআর মুকুলের কাছ থেকে জানা গেছে আটককৃতদের ভাষ্য। জিজ্ঞাসাবাদে তারা বলেছে, জিলিন পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের একজন কর্মকর্তা। তাপ বিদ্যুৎ কেন্দ্র সংশ্লিস্ট কাজে অর্থ নিয়ে তারা ঢাকা যাচ্ছিলেন। কিন্তু ওই অর্থের সঠিক প্রমাণপত্র দেখাতে পারেনি।
পুলিশ তাদেরকে হেফাজতে রেখেছে। তাদের বিষয়ে আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।








