বরিশাল থেকে অপহরণের একমাস পর রাজবাড়ী থেকে এক স্কুলছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ। এসময় গ্রেফতার করা হয়েছে অপহরণকারী ইব্রাহীম চোকদারকে।
বরিশালের গৌরনদী মডেল থানার এসআই তৌহিদুল ইসলাম জানান, উপজেলার মাহিলাড়া মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির এক ছাত্রীকে গত ১৬ ফ্রেরুয়ারি নিজ বাড়ির পাশ থেকে প্রতিবেশী ইব্রাহীম অপহরণ করে। এ ঘটনায় অপহৃতার বাবা ধর্ষণের অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। গোপন সংবাদের ভিত্তিতে রাজবাড়ীর গোয়ালন্দ থানার দৌলাদিয়াঘাট এলাকা থেকে অপহৃতাকে উদ্ধার ও অপহরণকারীকে গ্রেফতার করা হয়।
তিনি আরও জানান, আজ (শুক্রবার) দুপুরে ওই স্কুলছাত্রীকে বরিশাল শেরে-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অপহরণকারী ইব্রাহীমকে বরিশাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।








