বরিশালের গৌরনদী উপজেলার বন্দরে সড়কে পড়ে থাকা ৭৩ হাজার টাকাভর্তি একটি ব্যাগ কুড়িয়ে পেয়ে মালিককে ফিরিয়ে দিয়েছেন এক মোটরসাইকেল মেকানিক। রবিবার (১২ মে) দুপুরে আল আমিন বেপারী নামের ওই ব্যক্তি ওই ব্যাগ পান; যাতে নগদ টাকা ছাড়াও চেক বই ও কিছু কাগজপত্র ছিল।
আল আমিন উপজেলার চরগাধাতলী গ্রামের মৃত দলিল উদ্দিন বেপারীর ছেলে। গৌরনদী বন্দরে তার মোটরসাইকেলের গ্যারেজ রয়েছে। ওই গ্যারেজের সামনের সড়কে টাকাভর্তি ব্যাগটি কুড়িয়ে পান তিনি। ব্যাগের মালিক উপজেলার ‘একটি বাড়ি একটি খামার’ প্রকল্পের মাঠ কর্মকর্তা রাকিব হোসেন।
আল আমিন বেপারী বলেন, ‘ব্যাগটি পেয়ে এর ভেতর টাকা, চেকবই ও কাগজপত্র দেখতে পাই। এরপর জাতীয় পরিচয়পত্রের সূত্র ধরে মালিকের মোবাইল নম্বর বের করে তাকে কল দিই। কিছুক্ষণের মধ্যে ভদ্রলোক (রাকিব) এসে তার পরিচয় দিয়ে টাকাসহ ব্যাগটি নিয়ে যান। তার কাছে ব্যাগটি ফেরত দিতে পেরে আমার অনেক ভালো লেগেছে।’
রাকিব হোসেন বলেন, ‘ফিল্ড ভিজিট শেষে মোটরসাইকেলে আল আমিন বেপারীর গ্যারেজের সামনের রাস্তা দিয়ে অফিসে ফিরছিলাম। অসাবধনতাবশত টাকাভর্তি ব্যাগটি আল আমিনের গ্যারেজের সামনের সড়কে পড়ে যায়। কিছু দূর যাওয়ার পর বিষয়টি নজরে আসে। ফেরত পাওয়ার আশা না থাকলেও ব্যাগটি খুঁজতে থাকি। পরে মোবাইল ফোনে কল দিয়ে আমাকে ডেকে এনে ব্যাগটি ফেরত দেন আল আমিন। তার কথা আমার চিরদিন মনে থাকবে।’
গৌরনদী থানার এসআই মো. তৌহিদুজ্জামান বলেন, ‘ঘটনা শুনেছি। এ ধরনের মানুষের সংখ্য যত বাড়বে, সমাজ থেকে অপরাধের মাত্রা ততই কমতে থাকবে।’








