ভোলা-১ আসনের সংসদ সদস্য তোফায়েল আহমেদ বলেছেন, ‘বর্তমানে বাংলাদেশ ক্ষুধামুক্ত ও দারিদ্র্যমুক্ত হতে চলছে। আগে অনেক গরিব মানুষ খেতে পেতো না। এখন আর সে অবস্থা নেই; এখন মানুষ পেট ভরে খেতে পায়।’
শনিবার (১ জুন) দুপুরে ভোলা শহরের ওবায়াদুল হক মহাবিদ্যালয় মাঠে ঈদুল ফিতর উপলক্ষে হতদরিদ্রদের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। ভোলা পৌর আওয়ামী লীগ এ অনুষ্ঠানের আয়োজন করে।
তোফায়েল আহমেদ বলেন, ‘এবারের বাজেটে আমরা ৯৩ লাখ মানুষকে অন্তর্ভুক্ত করেছি। আগে বাংলাদেশে দরিদ্র মানুষের সংখ্যা শতকরা ৪৪ জন ছিল। এখন তা কমে শতকরা ২০-২১ জনে নেমে এসেছে।’
মানুষের অবস্থা ভালোর দিকে যাচ্ছে দাবি করে তিনি আরও বলেন, ‘আগে মাছ শিকারে নিষেধাজ্ঞার সময় জেলেদের মাঝে ৪০ কেজি করে চাল বিতরণ করা হতো; বর্তমানে ৪৪ কেজি করে চাল বিতরণ করার সিদ্ধান্ত হয়েছে।’
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের পথে এগিয়ে চলছে। তার সরকারের আমলে ভোলায় ব্যাপক উন্নয়ন হয়েছে।’
ভোলা পৌর আওয়ামী লীগের সভাপতি নাজিবুল্লাহ নাজুর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মমিন টুলু, তোফায়েল আহমেদের কন্যা ডা. তাসলিমা আহমেদ জামান মুন্নি, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লবসহ অনেকে।








