বরিশালে বন্ধুর সঙ্গে বেড়াতে গিয়ে এক তরুণী (২৮) সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন। শুক্রবার (৭ জুন) এ ঘটনা ঘটে। এ ঘটনায় দু'জনকে গ্রেফতার করেছে পুলিশ। ওই তরুণীকে পরীক্ষার জন্য শনিবার (৮ জুন) সকালে শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে হিজলা থানার ওসি এসএম মাকসুদুর রহমান জানান, তরুণীর দেওয়া অভিযোগটি মামলা হিসেবে নেওয়া হয়েছে। ওই মামলায় জাকির ও সাইফুলকে গ্রেফতার করে শনিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
ওই তরুণীর বাড়ি বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় এবং তিনি ভাণ্ডারি গানের শিল্পী। গ্রেফতারকৃতরা হলো, বরগুনার তালতলী উপজেলার জাকির গোলন্দাজ ও তার বন্ধু সাইফুল। তার বাড়ি হিজলা উপজেলায়।
হিজলা থানার ওসি এসএম মাকসুদুর রহমান জানান, শুক্রবার দুপুরে ওই তরুণী তার বন্ধু জাকির গোলন্দাজের সঙ্গে হিজলায় বেড়াতে আসেন। জাকির তাকে পুরাতন হিজলার চরের শাহাবুদ্দিনের মাছের ঘের সংলগ্ন বাগান বাড়িতে নিয়ে যায়। সেখানে যাওয়ার পর জাকিরসহ তার বন্ধুরা ওই তরুণীকে ধর্ষণ করে। সেখান থেকে ছাড়া পাওয়ার পর ওই তরুণী থানায় এসে অভিযোগ করেন। পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত দুইজনকে গ্রেফতার করেছে।
পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম জানান, ধর্ষণের অভিযোগ পাওয়া মাত্র অভিযুক্ত দুইজনকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত অন্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।








