বরিশাল সদর উপজেলায় ২৭শ’ পিস ইয়াবাসহ মামুন হাওলাদার ও রুবেল হাওলাদার নামের দুই মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২০ জুন) গভীর রাতে উপজেলার চাঁদপুরা ইউনিয়নের দুর্গাপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের আটক করা হয়।
শুক্রবার (২১ জুন) দুপুরে নগরীর পলিটেকনিক রোডের উপ-পুলিশ কমিশনারের কার্যালয়ের হলরুমে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান উপ-কমিশনার (দক্ষিণ) মোয়াজ্জেম হোসেন ভূঁঞা।
মোয়াজ্জেম হোসেন ভূঁঞা বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে বন্দর থানা পুলিশ জানতে পারে, লাহারহাট ফেরীঘাট হয়ে ইয়াবার বড় চালান ঝালকাঠির নলছিটি যাবে। ওই চালান ধরতে বৃহস্পতিবার রাতে চাঁদপুরা ইউনিয়নের দুর্গাপুর বাসস্ট্যান্ডে চেকপোস্ট বসানো হয়। রাত প্রায় দুইটায় চেকপোস্টে দুইটি মোটরসাইকেল থামায় পুলিশ। এসময় মামুন ও হাওলাদারের দেহ তল্লাশি করে ২৭শ’ পিস ইয়াবা পাওয়া যায়। এসময় অপর মোটরসাইকেলে থাকা মাদক বিক্রেতারা পালিয়ে যায়।’
তিনি আরও জানান, পালিয়ে যাওয়া দুইজন হলো নলছিটির সুবিদপুর ইউনিয়নের মজকুনী এলাকার মনজীল হাওলাদার ও একই উপজেলার বৈশাখীয়া এলাকার নাসির সিকদার। আটক দুইজন ও পালিয়ে যাওয়া দুইজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।








