ভোলা সদর পৌরসভার ক্যাবল নেটওয়ার্ক ব্যবসায়ী প্রতিষ্ঠান এসকে স্যাটেলাইটকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বেসরকারি টিভি চ্যানেলগুলোর সম্প্রচারের তারিখ থেকে ক্রমানুযায়ী সম্প্রচার না করার দায়ে এ জরিমানা করা হয়।
বুধবার (৩ জুলাই) জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ দিদারুল আলম এ আদালত পরিচালনা করেন। তিনি জানান, মোবাইল কোর্ট আইন, ২০০১ এর তফসিল ৮৩ অনুযায়ী ক্যাবল নেটওয়ার্ক পরিচালনা আইন, ২০০৬ এর ১৮(খ) ধারা মোতাবেক উল্লিখিত নির্দেশনা অমান্য করায় জরিমানা করা হয়। অভিযানে জেলা তথ্য অফিসার আহসান কবীর উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ইতোমধ্যে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ একাধিকবার ক্যাবল অপারেটর আ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) এর নেতাদের সঙ্গে মতবিনিময়কালে রাষ্ট্রীয় মালিকানাধীন টেলিভিশন বিটিভিকে ক্রমিক-১, বিটিভি ওয়ার্ল্ডকে ক্রমিক-২, সংসদ বাংলাদেশ টেলিভিশনকে ক্রমিক-৩ এবং বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামকে ক্রমিক-৪ রেখে বেসরকারি টিভি চ্যানেলগুলো (সম্প্রচারের তারিখ থেকে ক্রমানুযায়ী) সম্প্রচারের নির্দেশনা দিয়েছিলেন।








