বরিশালের গৌরনদী উপজেলার টরকীরচর এলাকায় ছয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। প্রতিবেশীর বাসায় তরকারি আনতে গিয়ে শিশুটি ধর্ষণের শিকার হয়। শিশুর পরিবারের দাবি ধর্ষকের নাম আজিজুল হক (১৯)। এ ব্যাপারে শনিবার (৬ জুলাই) সকালে গৌরনদী মডেল থানায় শিশুটির মা মামলা দায়ের করেছেন।
গৌরনদী মডেল থানার সেকেন্ড অফিসার এসআই মো. তৌহিদুজ্জামান জানান, বৃহস্পতিবার (৪ জুলাই) দুপুরে শিশুটি নিজ ঘরে দুপুরের খাবার খাচ্ছিল। এ সময় আজিজুলের মা চায়না শিশুটিকে তরকারি দেওয়ার জন্য নিজের ঘরে ডেকে নিয়ে যান। শিশুটি ফিরে না আসায় তার মা-বাবা খুঁজতে গিয়ে আজিজুলের বাথরুমের পাশ থেকে কাদামাখা অবস্থায় তাকে পায়। শিশুটি বাবা-মাকে বিষয়টি জানায়। তারা আজিজুলের মা চায়নাকে ঘটনাটি জানান। চায়না তার ছেলেকে ডেকে জিজ্ঞাসা করলে ধর্ষণের কথা স্বীকার করে আজিজুল। এরপর চায়না তার ছেলের বিচারের আশ্বাস দিয়ে শিশুটিকে গোসল করিয়ে জামা-কাপড় ধুয়ে দেয়। ঘটনার একদিন পর শুক্রবার চায়না ছেলের বিচার না করে উল্টো প্রভাবশালী বিভিন্ন লোক দিয়ে মামলা না করার জন্য হুমকি দেয়। শুক্রবার বিকালে শিশুটির ব্যথা ও রক্তক্ষরণ বাড়লে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানকার চিকিৎসকরা শিশুটির অবস্থা গুরুতর দেখে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যেতে বলেন। মেয়েকে নিয়ে বরিশাল মেডিক্যালে যাওয়ার সাহস পাচ্ছিল না বাবা। এ সময় হাসপাতাল থেকে গৌরনদী থানা পুলিশের সাহায্য চাওয়া হয়।
সেকেন্ড অফিসার আরও জানান, হাসপাতাল থেকে জানালে তাৎক্ষণিক শিশু ও তার বাবা-মায়ের নিরাপত্তার জন্য পুলিশ পাঠানো হয়। পরে শিশুটির উন্নত চিকিৎসার জন্য বরিশাল মেডিক্যালে পাঠানো হয়। এ ঘটনায় দায়ের করা মামলার আসামি আজিজুলকে গ্রেফতারে অভিযান চলছে।








