বরিশালে প্রতিদিন নতুন করে অনেকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হচ্ছেন। শনিবার (৩ আগস্ট) সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৬ জন। হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন এ তথ্য জানান।
বাকির হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গত ২৪ ঘণ্টায় ৩৬ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে আমাদের হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ১৪০ জন। এদের মধ্যে ৭৫ জন চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন। দুই জনের মৃত্যু হয়েছে।’
জানা যায়, শের-ই বাংলা মেডিক্যালে ভর্তি ডেঙ্গু রোগীদের জন্য আলাদা ওয়ার্ড, বিনামূল্যে ওষুধ এবং পরীক্ষা-নিরীক্ষার জন্য সামান্য টাকা নেওয়ার কথা থাকলেও পরিস্থিতি এমন নয়। ওয়ার্ডের মেঝে ও বারান্দায় চিকিৎসা দেওয়া হচ্ছে রোগীদের। তাদের গ্লুকোজ ও স্যালাইন কিনতে হয় বাইরের ফার্মেসি থেকে। হাসপাতালে নেই ডেঙ্গু পরীক্ষার এনএসওয়ান এন্টিজেন। এ কারণে বাইরের ক্লিনিক আর ডায়াগনস্টিক সেন্টার থেকে অতিরিক্ত অর্থ খরচ করে পরীক্ষায় বাধ্য হচ্ছেন রোগী ও তাদের স্বজনরা। এছাড়া রোগীদের ব্যবহৃত টয়লেট এবং বাথরুমও নোংরা-দুর্গন্ধময়।
ডা. বাকির হোসেন বলেন, ‘ডেঙ্গু রোগীদের জন্য হাসপাতালে আলাদা ওয়ার্ড ও বেশি সংখ্যক কেবিনের ব্যবস্থা করা হবে। এজন্য ঠিকাদারদের তাগিদ দেওয়া হয়েছে।’








