ভোলায় এক মুক্তিযোদ্ধার মেয়েকে সংঘবদ্ধ ধর্ষণের দায়ে তিন জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে প্রত্যেক আসামিকে এক লাখ টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৭ আগস্ট) ভোলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আতোয়ার রহমান এ রায় দিয়েছেন।
আদালত সূত্র জানায়, ২০১১ সালের জুলাইয়ে সদর উপজেলার রাজাপুর ইউনিয়নে এক মুক্তিযোদ্ধার মেয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন। এর দুইদিন পর ভিকটিম বাদী হয়ে রফিক মাল, ভুট্টু মেম্বার, বাশারসহ পাঁচ জনের নামে সদর থানায় মামলা দায়ের করেন। দীর্ঘ তদন্ত শেষে পুলিশ চার্জশিট দিলে তা গ্রহণ করে রফিক মাল, ভুট্টু মেম্বার, বাশার সরদার, বাদশা ও কবিরের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে আজ বিচারক ওই রায় দেন। রায়ে সন্তোষ প্রকাশ করেছে ভিকটিমের পরিবার।
এসব তথ্য নিশ্চিত করে রাষ্ট্রপক্ষের আইনজীবী গোলাম মোরশেদ কিরন তালুকদার বলেন, রফিক মাল, ভুট্টু মেম্বার, বাশার সরদারকে যাবজ্জীবন ও এক লাখ টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। অপরাধ প্রমাণ না হওয়ায় বাদশা ও কবিরকে খালাস দেওয়া হয়েছে।








