জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস নতুন প্রজন্মকে জানিয়ে তাদের আগামী দিনের নেতৃত্ব দানের উপযোগী করে গড়ে তুলতে হবে বলে জানিয়েছেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী আলহাজ শ. ম. রেজাউল করিম।
বৃহস্পতিবার (২৯ আগস্ট) বিকালে পিরোজপুরে বঙ্গবন্ধুর ৪৪তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে “বঙ্গবন্ধু ও স্বাধীনতা বিষয়ক কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
গণপূর্তমন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধুকে ৭৫ সালে নিষ্ঠুরভাবে খুন করে একাত্তরের পরাজিত শক্তিরা আমাদের দেশকে পাকিস্তানি ভাবধারায় পরিচালনা করার অপপ্রয়াস চালিয়েছিল। জিয়া, এরশাদ ও খালেদা জিয়া তাদের শাসনামলে মুক্তিযুদ্ধের ইতিহাস তথা স্বাধীনতা অর্জনে বঙ্গবন্ধুর ভূমিকা বিকৃত করার নানা কূটকৌশল চালায়।’
শ ম রেজাউল করিম আরও বলেন, ‘৭৫ থেকে ৯৬ পর্যন্ত ২১ বছর ধরে এ দেশে জাতীর জনক বঙ্গবন্ধু’র ৭ মার্চের ভাষণ প্রচার ও বঙ্গবন্ধুর নাম উচ্চারণে বাধা দিয়ে স্বাধীনতা যুদ্ধের ইতিহাস ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা হয়েছিল। তখন রাজাকারদের মন্ত্রী বানানো হয়, যুদ্ধাপরাধী, ধর্ষণকারী ও খুনিদের মুক্ত করে দেওয়া হয়। আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ছাত্রদের বিনা বেতনে পড়া, বিনামূল্যে বই বিতরণ করে আগামী প্রজন্মকে সুশিক্ষিত করার যে উদ্যোগ নিয়েছেন তারই ধারাবাহিকতায় অচিরেই প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীদের সরকারিভাবে দুপুরের খাবার দেওয়ার ঘোষণা দিয়েছেন।’
পিরোজপুর শেরে বাংলা পাবলিক লাইব্রেরির ব্যবস্থাপনায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বঙ্গবন্ধুর ৪৪তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে “বঙ্গবন্ধু ও স্বাধীনতা বিষয়ক কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিরোজপুরের জেলা প্রশাসক ও শেরে বাংলা পাবলিক লাইব্রেরির সভাপতি আবু আলী মো. সাজ্জাদ হোসেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন- পিরোজপুর পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান, পৌর মেয়র হাবিবুর রহমান মালেক ও লাইব্রেরির সাধারণ সম্পাদক মো. গোলাম মাওলা নকীব।








