বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যা মামলায় গ্রেফতার আয়শা সিদ্দিকা মিন্নির সঙ্গে বরগুনা জেলা কারাগারে দেখা করে তাকে সতর্ক করেছেন আইনজীবী মাহবুবুল বারী আসলাম। কারাগার থেকে বের হয়ে এসে তিনি জানান, মিন্নিকে দুটি বিষয় জানানো হয়েছে। প্রথমত, মুক্ত হওয়ার পর তিনি যেন কোনও গণমাধ্যমের সঙ্গে কথা না বলেন। দ্বিতীয়ত, হাইকোর্ট জামিন দিলেও দাফতরিক কাজ শেষে রিলিজ অর্ডার পেতে আরও কয়েকদিন সময় লাগবে। শনিবার (৩১ আগস্ট) দুপুর ১২টার দিকে মিন্নিকে দেখতে কারাগারে গিয়ে সাড়ে ১২টার দিকে বেরিয়ে আসেন মিন্নির এই আইনজীবী।
মাহবুবুল বারী আসলাম বলেন, ‘মিন্নি জেল থেকে বের হওয়ার জন্য মুখিয়ে আছেন। জেলখানায় রিলিজ অর্ডার পৌঁছালেই তার মুক্তি হবে। তবে এ জন্য মিন্নি যেন হতাশ না হন, সে বিষয়ে তাকে বুঝিয়ে বলা হয়েছে। খুব শিগগিরই জেলখানায় রিলিজ অর্ডার পৌঁছাবে বলে আমি আশাবাদী।’
রাষ্ট্রপক্ষ মিন্নির জামিন আবেদনের বিরোধিতা করে আপিল করলে তার মুক্ত হওয়া নিয়ে কোনও জটিলতা তৈরি হবে কিনা জানতে চাইলে এই আইনজীবী বলেন, ‘আদালত যেকোনও সময় যেকোনও সিদ্ধান্ত নিতে পারেন। চাইলে জামিন আবেদন বহাল রাখতে পারেন, আবার স্থগিতও করতে পারেন। বিষয়টি সম্পূর্ণ আদালতের ওপর নির্ভর করছে।’
এর আগে বৃহস্পতিবার (২৯ আগস্ট) বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ মিন্নির জামিন আদেশ দেন। আদালতে মিন্নির জামিন আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী জেড আই খান পান্না। তার সঙ্গে ছিলেন আইনজীবী মশিউর রহমান ও মাক্কিয়া ফাতেমা ইসলাম। অন্যদিকে, রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. সারোয়ার হোসেন বাপ্পী।
প্রসঙ্গত, গত ২৬ জুন সকালে প্রকাশ্যে বরগুনা সরকারি কলেজের গেটের সামনে রিফাত শরীফকে কুপিয়ে আহত করা হয়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান। এ ঘটনায় দায়ের করা মামলায় এখন পর্যন্ত ১৫ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হচ্ছে– রিফাত ফরাজী, রিশান ফরাজী, চন্দন সরকার, রাব্বি আকন, হাসান, অলি, টিকটক হৃদয়, সাগর, কামরুল হাসান সাইমুন, আরিয়ান শ্রাবণ, রাফিউল ইসলাম রাব্বি, তানভীর, নাজমুল হাসান, রাতুল শিকদার ও আয়শা সিদ্দিকা মিন্নি। মামলার এজাহারভুক্ত পাঁচ নম্বর আসামি মুসা বন্ড, সাত নম্বর আসামি মোহাইমিনুল ইসলাম সিফাত, আট নম্বর আসামি রায়হান ও ১০ নম্বর আসামি রিফাত হাওলাদারকে এখনও পুলিশ গ্রেফতার করতে পারেনি। প্রধান আসামি নয়ন বন্ড গত ২ জুলাই পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়।








