সাম্প্রতিক দুর্নীতিবিরোধী অভিযান গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম। তিনি বলেন, ‘দুর্নীতি ও অনিয়মের সঙ্গে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের কেউ জড়িত থাকলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আমি নিজে অনিয়ম করি না, কারও অনিয়ম বরদাস্ত করবো না।’
বুধবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে শহীদ আব্দুর রব সেরনিয়াবাত আউটার স্টেডিয়ামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক অনূর্ধ্ব-১৭ এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের বালিকা অনূর্ধ্ব-১৭-এর উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী বলেন, ‘দুর্নীতির সংশ্লিষ্টতায় যে অতিরিক্ত প্রধান প্রকৌশলীর নাম এসেছে তাকে এরইমধ্যে ওএসডি করা হয়েছে। অপর দুই কর্মকর্তাকে প্রত্যাহার করার জন্য পরিকল্পনা মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে। আমার জায়গা থেকে কাউকে ছাড় দেওয়া হবে না। প্রধানমন্ত্রীর নির্দেশ অনুসারে এ ব্যাপারে কাজ করা হচ্ছে।’
গণপূর্তমন্ত্রী আরও বলেন, ‘এর আগে বনানীর এফ আর টাওয়ারের ঘটনায় মন্ত্রণালয়ের ৬২ জনের বিরুদ্ধে অভিযোগ আসায় এবং রূপপুরের ঘটনায় ৩০ জনের নাম আসায় কাউকে ছাড় দেওয়া হয়নি। যেহেতু জি কে শামীমের বিষয়টি তদন্তাধীন তাই তার বিষয়ে কোনও মন্তব্য করতে চাই না।’
ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনার এমডি আব্দুস ছালামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিটি মেয়র সাদিক আবদুল্লাহ, ডিআইজি শফিকুল ইসলাম, পুলিশ কমিশনার শাহাবুদ্দিন খান, জেলা প্রশাসক এসএম অজিয়র রহমানসহ অনেকে।








