বরগুনার বেতাগী উপজেলা সংলগ্ন বিষখালী নদীতে মাছ ধরা নিয়ে দ্বন্দ্বে প্রতিপক্ষের বৈঠার আঘাতে বাবুল (৩৫) নামে এক জেলের মৃত্যু হয়েছে। সোমবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। বাবুলের বাড়ি বেতাগী সদর ইউনিয়নের ঝোপখালী গ্রামে।
হাবিবুর রহমান নামে একজন প্রত্যক্ষদর্শী বলেন, ‘সোমবার সকালে আমি ও বাবুল বিষখালী নদীতে ইলিশ ধরতে জাল ফেলছিলাম। কিছুক্ষণ পরে রিপন ও শিখন ওই জালের সামনে তাদের জাল ফেলে। এ নিয়ে দুপক্ষের মধ্যে ঝগড়া শুরু হয়। একপর্যায়ে রিপন বৈঠা দিয়ে পেছন থেকে বাবুলের মাথায় আঘাত করে। এতে নৌকার ভিতরেই বাবুল মারা যায়।’
বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান মিয়া বলেন, ‘এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। শিখনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।’








