বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার রীভা গাঙ্গুলী দাস বলেছেন, ‘বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফর অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। এই সফরে দুই দেশই লাভবান হয়েছে। ব্যবসা-বাণিজ্য এবং সংস্কৃতি বিনিময়ে এই সফর অত্যন্ত চমৎকার। এর মাধ্যমে অনেক কিছু অর্জিত হয়েছে। সফরে বেশ কয়েকটি সমঝোতা স্মারক সই হয়েছে।’
শনিবার (১২ অক্টোবর) রাতে বরিশাল নগরীর একটি আবাসিক হোটেলের হলরুমে সিটি মেয়র সেরনিয়াবাতি সাদিক আবদুল্লাহের দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ভারতীয় হাইকমিশনার বলেন, ‘দুই প্রতিবেশী দেশের মধ্যে সুন্দর রাজনৈতিক সম্পর্ক বিরাজমান। বহু জটিল ইস্যু দুই দেশ সমাধান করেছে।’
আগামীতে দুই দেশ ভালোভাবে তাদের বন্ধুত্বকে আরও এগিয়ে নিতে পারবে জানিয়ে তিনি আরও বলেন, ‘বাংলাদেশের প্রবৃদ্ধির হার এখন ৮ ভাগের ওপরে। বিশ্বে যত উন্নয়নশীল দেশ আছে, তার মধ্যে বাংলাদেশের প্রবৃদ্ধি সবার ওপরে। বাংলাদেশের প্রতি সবার একটা আগ্রহ আছে। ভারতের অনেক বিনিয়োগকারী আছেন; যারা বাংলাদেশে বিনিয়োগ করতে চান। গত ৫ বছরে সীমানা বিরোধ নিষ্পত্তিসহ যত অর্জন হয়েছে, ভারত প্রত্যাশা করে—আগামী ৫ বছরে আগামী প্রজন্মের জন্য আরও বেশিকিছু অর্জিত হবে।’
আগামীতে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক আরও গভীর, আরও দৃঢ় হবে আশা প্রকাশ করে রীভা গাঙ্গুলী দাস বলেন, ‘দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ আরও বৃদ্ধি পাবে এবং সম্পর্ক সুদৃঢ় হবে।’
এর আগে স্বাগত বক্তব্যে মুক্তিযুদ্ধকালে এবং ’৭৫ পরবর্তী সময়ে ভারতের অবদানের কথা উল্লেখ করে দেশটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন সিটি মেয়র সাদিক আবদুল্লাহ। আগামীতে ভারত বন্ধু প্রতীম বাংলাদেশে সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার মোহাম্মদ ইয়ামিন চৌধুরী, রেঞ্জ ডিআইজি শফিকুল ইসলাম, পুলিশ কমিশনার শাহাবুদ্দিন খান প্রমুখ উপস্থিত ছিলেন।








