রাজশাহী সিটি করপোশনের (রাসিক) মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন শহীদ এএইচএম কামারুজ্জামান বুধবার দুপুরে (২৩ অক্টোবর) ২৭টি পাখি অবমুক্ত করেছেন। প্রাকৃতিক ভারসাম্য রক্ষার্থে তিনি বোটানিক্যাল গার্ডেন ও চিড়িয়াখানার খাঁচা থেকে ৭টি ভুবন চিল ও ২০টি নিশিবক অবমুক্ত করেছেন।
মেয়র বলেন, বাংলাদেশ এখন অনেক পাখিই বিলুপ্ত প্রায়। প্রাকৃতিক ভারসাম্য রক্ষার্থে এবং পাখিগুলো যাতে মুক্ত আকাশে উড়তে পারে, সেজন্য এগুলো অবমুক্ত করা হলো। এছাড়া পাঁয়রার খাঁচা উন্মুক্ত রাখা হবে।
রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) ভ্যাটেরিনারী সার্জন ডা. ফরহাদ উদ্দীন জানান, বর্তমানে আবাসস্থল সংকট, খাদ্য সংকট, অবৈধ শিকার, পাচার, প্রাকৃতিক দুর্যোগ ইত্যাদি নানা কারণে অধিকাংশ বন্য প্রাণী ও পাখী আজ বিলুপ্তির পথে। জীববৈচিত্র আজ হুমকীর সম্মুখীন। শহীদ কামারুজ্জামান বোটানিক্যাল গার্ডেন ও চিড়িয়াখানার নিশিবক বা ওয়াক পাখীর ব্রিডিং হয়েছে। তাই প্রাকৃতিক ভারসাম্য রক্ষার্থে মেয়র ২০টি বক এবং ৭টি চিল অবমুক্ত করেন। পর্যায়ক্রমে দুই শতাধিক বক অবমুক্ত করা হবে।
তিনি আরও জানান, ভুবন চিল প্রায় ১০০ বছর বাঁচে। আর নিশিবকের আয়ু প্রায় ৩০ বছর। অবমুক্ত করা পাখিগুলো ২০ বছরেরও বেশি সময় ধরে চিড়িয়াখানার খাচায় বন্দী ছিল। তাই তাদের মুক্ত আকাশে ওড়ার সুযোগ করে দেওয়া হলো।
পাখি অবমুক্তকরণের সময় রাসিকের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সমর কুমার পাল, শহীদ এ.এইচ.এম কামারুজ্জামান বোটানিক্যাল গার্ডেন ও চিড়িয়াখানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান, রাসিকের পরিবেশ উন্নয়ন কর্মকর্তা সৈয়দ মাহমুদ-উল ইসলামসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।








